Site icon দৈনিক নবদিগন্ত

ঠাকুরগাঁওয়ে চড়ক মেলায় বাঁশ-কাগজের শিল্পে গ্রামীণ ঐতিহ্যের প্রাণচাঞ্চল্য

ঠাকুরগাঁওয়ে চড়ক মেলায় বাঁশ-কাগজের শিল্পে গ্রামীণ ঐতিহ্যের প্রাণচাঞ্চল্য

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আকচা ইউনিয়নের ফারাবাড়ি গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী চড়ক মেলা ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এ মেলায় গ্রামীণ সংস্কৃতি ও লোকঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া এ মেলায় হাজারো মানুষের সমাগম ঘটে। স্থানীয় কারিগরদের তৈরি বাঁশ ও কাগজের নান্দনিক শিল্পকর্ম ছিল মূল আকর্ষণ। হাতি, নৌকা, পালকি, গরু, জিরাফ, হেলিকপ্টারসহ নানা প্রতিরূপে তৈরি এসব শিল্পকর্ম দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।

শিল্পকর্মগুলো অনেক ক্ষেত্রে হাতে চালিয়ে প্রদর্শন করায় দর্শনার্থীরা ভিন্নধর্মী অভিজ্ঞতা পান। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

দর্শনার্থীরা জানান, এমন ব্যতিক্রমী আয়োজন গ্রামবাংলার ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরছে এবং সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিচ্ছে। স্থানীয়রা মনে করছেন, এই ধরনের মেলা গ্রামীণ শিল্প ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেলা কমিটির সভাপতি বাবু চন্দ্র বর্মণ বলেন, এটি ১০৫তম চড়ক মেলা, যার মাধ্যমে গ্রামবাংলার ঐতিহ্য ও লোকসংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে।

Exit mobile version