Site icon দৈনিক নবদিগন্ত

রংপুরে নতুন এসপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রংপুরে নতুন এসপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আখতারুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় ব্যুরো:

রংপুর জেলায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক–এর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, পুলিশকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগই সফলতার চাবিকাঠি। গণমাধ্যমকে তিনি গণতন্ত্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবেও উল্লেখ করেন।

নবাগত পুলিশ সুপার রংপুর জেলাকে মাদক ও জুয়ামুক্ত করে সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে সাংবাদিকদের কাছ থেকে পেশাগত চ্যালেঞ্জ, স্বাধীনতা এবং জেলার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন মতামত শোনেন।

সাংবাদিকদের দেওয়া পরামর্শ মনোযোগ দিয়ে শুনে তিনি ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং রংপুরকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় পরিণত করতে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

Exit mobile version