Site icon দৈনিক নবদিগন্ত

ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ফিতা কাটা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ জামাল হোসেন

পরে কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে লিগ্যাল এইড মেলা, বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং সেরা প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইউসুফ আলী এবং লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ মজনু মিয়া বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মাহমুদুল হোসেন মুন্না

এ বছর সেরা প্যানেল আইনজীবী হিসেবে ললিত কুমার রায় এবং মাসুদা পারভীন ইভা নির্বাচিত হন। তাদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এছাড়া আদালত প্রাঙ্গণে চারটি স্টলে লিগ্যাল এইড সংক্রান্ত সেবা ও তথ্য প্রদান করা হয়।

কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালে জেলায় ৮১৪টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৭১৪টি নিষ্পত্তি হয়েছে। এ সময়ে ৩,৪৩৬ জন সেবা পেয়েছেন এবং ২২৫টি মামলা দায়ের হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি বা Alternative Dispute Resolution (এডিআর) এর মাধ্যমে আপসে ৪৪ লাখ ৪৯ হাজার টাকা আদায় করা হয়েছে। এছাড়া ৭০৩ জন বিনামূল্যে আইনি পরামর্শ নিয়েছেন এবং ১৯১টি মামলা আপসের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।

জেলার পাঁচটি উপজেলার প্রতিটি ইউনিয়নে লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে জনপ্রতিনিধি, শিক্ষক ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের আইনি সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত মতবিনিময় সভাও করা হচ্ছে।

লিগ্যাল এইড অফিসার মজনু মিয়া বলেন, অর্থের অভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, এ কার্যক্রম সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি সহজ করছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে।

সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ জামাল হোসেন বলেন, বিচারপ্রাপ্তির সুযোগ সবার জন্য সমানভাবে নিশ্চিত করাই লিগ্যাল এইডের মূল লক্ষ্য।

Exit mobile version