মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি তেল পাম্পে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে দেবীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পরপরই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট তেল পাম্পে সাময়িকভাবে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার ভোর থেকেই পেট্রোল সরবরাহের খবর ছড়িয়ে পড়লে তেল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। বেলা সাড়ে ১২টার দিকে সরবরাহ কার্যক্রম তদারকির জন্য ঘটনাস্থলে উপস্থিত হন ইউএনও সবুজ কুমার বসাক। এ সময় তিনি ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া থাকা চালকদের লাইন থেকে সরে যেতে নির্দেশ দেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই মোটরসাইকেল চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এর জের ধরে লাইনে থাকা কয়েকজন চালক ক্ষুব্ধ হয়ে হট্টগোল শুরু করে এবং একপর্যায়ে ইউএনও ও তার সঙ্গে থাকা আনসার সদস্যদের দিকে তেড়ে আসে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে ইউএনওকে নিরাপত্তার জন্য পাশের একটি বাড়িতে সরিয়ে নেওয়া হয়। এ সময় আনসার সদস্য তৈয়বুর রহমানকে মারধর করা হয় এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

