মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টারঃ
জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) থেকে নতুন এই ভাড়া কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি বাসে নতুন ভাড়ার চার্ট টাঙানো থাকবে, যাতে যাত্রীরা সহজেই ভাড়া সম্পর্কে ধারণা পান।
শনিবার (২৫ এপ্রিল) নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাসভাড়াও সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, গাবতলী রুটে ঢাকা থেকে পঞ্চগড়গামী ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,০০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৮১ টাকা। এছাড়া ঢাকা-রংপুর রুটে ৫১ আসনের বাসে ৭৫১ টাকা ও ৪০ আসনের বাসে ৯১১ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৪১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে সায়েদাবাদ টার্মিনাল থেকে চট্টগ্রামগামী ৫১ আসনের বাসের ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই রুটে কক্সবাজারগামী ৫১ আসনের বাসে ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১,১৪৭ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে।
সায়েদাবাদ থেকে সিলেট রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৮০ টাকা ও ৪০ আসনের বাসে ৭৪০ টাকা। বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। খুলনা রুটে ৫১ আসনের বাসে ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৯০ টাকা ভাড়া কার্যকর হয়েছে। সবচেয়ে দীর্ঘ রুট টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,০৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১,৩৩৫ টাকা।
এছাড়া মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ রুটেও একইভাবে ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। সে অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় গণপরিবহনের এই ভাড়া সমন্বয় করা হয়েছে।

