রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁওয়ে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকালে আঘাত হানা এই দুর্যোগে গাছ উপড়ে পড়ে অন্তত চারটি পরিবারের ছয়টি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ঘরচাপায় নিজাম উদ্দিন নামে একজন গুরুতর আহত হয়েছেন।
সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাকশিড়ি এলাকায় ঝড়ের সময় একটি বড় গাছ বসতঘরের ওপর পড়ে গেলে ঘরটি ভেঙে পড়ে। পরিবারের অন্যরা বের হতে পারলেও নিজাম উদ্দিন আটকা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় লালন, নাজমুল ও নূর আলমসহ কয়েকটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
শুধু বসতবাড়িই নয়, কৃষিক্ষেত্রেও ক্ষতির খবর পাওয়া গেছে। ভুট্টা, পাট ও মরিচের ক্ষেত শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

