এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা নিয়ে সাম্প্রতিক সময়ে রোগী ও স্বজনদের কাছ থেকে নানা অভিযোগ পাওয়া যাচ্ছে।
প্রতিদিনই নাগেশ্বরীর আপডেট নিউজের ফেসবুক পেজের ইনবক্স ও হোয়াটসঅ্যাপে হাসপাতালের সেবা নিয়ে অভিযোগ আসছে বলে জানা গেছে। ভুক্তভোগী রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসক থাকলেও অনেক সময় তারা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। পাশাপাশি হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার অভিযোগও রয়েছে। হাসপাতালে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকলেও কিছু রোগীকে বাইরে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করাতে বলা হয় বলেও অভিযোগ করেছেন তারা।
তবে রোগীদের অভিযোগের বড় একটি অংশ হাসপাতালের নার্সদের আচরণ ও সেবাদানকে ঘিরে। রোগীরা নার্সদের ডাকলে অনেক সময় ব্যস্ততার অজুহাত দেখানো হয় এবং প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায় না বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবে সব নার্স এরকম না ওখানে দুই একজন নার্স ভালো আছে এতে অসুস্থ রোগীদের পাশাপাশি তাদের স্বজনদের মধ্যেও ক্ষোভ সৃষ্টি হচ্ছে।
ভুক্তভোগীদের কেউ কেউ জানান, গত কয়েক মাস আগে হাসপাতালের সেবার মান কিছুটা উন্নত হলেও প্রায় এক মাস ধরে চিকিৎসাসেবা ও নার্সদের আচরণ নিয়ে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, রোগীদের একটি অংশের দাবি, নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এমবিবিএস চিকিৎসকদের অনেকেই আন্তরিকভাবে চিকিৎসাসেবা দিচ্ছেন এবং তাদের আচরণও ভালো। তবে নার্সদের সেবাদান ও রোগীদের সঙ্গে আচরণ নিয়ে অভিযোগই বেশি বলে দাবি তাদের।
এ অবস্থায় স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ যেন নার্সদের নিয়ে প্রয়োজনীয় আলোচনা করে রোগীদের সঙ্গে ভালো ব্যবহার, আন্তরিকতা ও সেবার মান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়। হাসপাতালের নার্সদের নিয়েও একাধিক অভিযোগ আসছে ভুক্তভোগীদের কাছ থেকে।
এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা