প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৭:১৮ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ১০, ২০২৬, ৫:৩১ পি.এম.

গড়েয়া বাজারে সরকারি জায়গায় দোকান নির্মাণ, বন্ধের পর ফের কাজ

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের পুরাতন গড়েয়া বাজারে সরকারি জায়গায় অনুমতি ছাড়াই দোকান নির্মাণের অভিযোগ উঠেছে গোল্ডেন সাহেব নামে একজন ব্যক্তি সম্পর্কে। কয়েক মাস আগে প্রশাসনের হস্তক্ষেপে নির্মাণ বন্ধ হয়ে গেলেও সম্প্রতি ঐ স্থানে আবার দোকান নির্মাণের কাজ শুরু হয়েছে, এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন গড়েয়া বাজারের এক সরকারি জায়গায় গোল্ডেন সাহেব কয়েক মাস আগে দোকান নির্মাণের পরিকল্পনা করেন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে প্রশাসনের কাছে জানান। পরবর্তীতে ভূমি কর্মকর্তারা গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

কিন্তু নির্মাণ কাজ বন্ধ থাকার কিছু দিন পর সম্প্রতি সেখানে আবারও দোকান নির্মানের কার্যক্রম শুরু হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। নির্মাণ কাজ যে প্রকাশ্যে বন্ধ হয়েছিল, তা কিভাবে আবার শুরু হলো, সেটা নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গায় কোন প্রকার স্থাপনা নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও আইন মেনে চলতে হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে নির্মাণ কাজ বন্ধ করার পরেও যদি একই জায়গায় আবার কাজ শুরু হয়, তাহলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা উচিত।

এলাকাবাসী আরও জানান, সরকারি সম্পত্তি রক্ষা করা প্রশাসনের কর্তব্য। যদি বাজারের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়, তাহলে ভবিষ্যতে অন্যরাও একই কাজ করতে উৎসাহিত হতে পারে। এতে সরকারি সম্পত্তি দখলের প্রবণতা বাড়িয়ে বাজারের পরিবেশও বিঘ্নিত হতে পারে।

তারা দাবি করেছেন, পুরাতন গড়েয়া বাজারের জায়গাটি সরকারি কিনা এবং সেখানে দোকান নির্মাণের জন্য কোনো বৈধ অনুমতি নেওয়া হয়েছে কি না—তা দ্রুত যাচাইকরা হোক। একই সঙ্গে প্রশাসনের নির্দেশে বন্ধ থাকা নির্মাণ কাজ আবার কিভাবে শুরু হলো, সেটিও তদন্ত করা হোক।

স্থানীয়রা সরকারি জায়গা দখল ও অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে অভিযুক্ত গোল্ডেন সাহেবের বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও কোন বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের বক্তব্য আসলে পরবর্তীতে জানানো হবে।