প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৯:৫২ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ৫, ২০২৬, ৯:২৫ পি.এম.

ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বিপুল পরিমাণ যন্ত্রাংশ

‎রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

‎ঠাকুরগাঁওয়ে চুরি করা ইজিবাইক উদ্ধার করতে গিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে অনেক পরিমাণ ইজিবাইকের খুচরা যন্ত্রাংশ উদ্ধার হয়েছে।

‎​বুধবার (৫ আগস্ট) ঠাকুরগাঁও পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‎​পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় ঠাকুরগাঁও পৌরসভার উত্তর হাজীপাড়ার মিথিলা হোটেলের সামনে ইজিবাইক রেখে খাবার খেতে ঢোকেন চালক আব্দুল কাদের। এই সুযোগে চোরচক্রের সদস্য ফেরদৌস (২৪) এবং রাজা (২৪) ইজিবাইকটি চুরি করে পালিয়ে যেতে চেষ্টা করেন। এই সময় চালক ও স্থানীয়রা বুঝতে পারলে ইজিবাইকসহ তাদের দুজনকে আটক করে। পরে এই ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

‎​গ্রেপ্তারকৃত দুজনের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একই চক্র এর আগে ২৩ জুলাই শহরের বলাকা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে আরও একটি ইজিবাইক চুরি করে। চুরি হওয়া ইজিবাইকটি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার এক বাসিন্দা ফজল (৫৫)-এর কাছে বিক্রি করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে।

‎​পরবর্তীতে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ, ঠাকুরগাঁও এবং জেলা পুলিশ, দিনাজপুরের একটি যৌথ অভিযানিক দল বোচাগঞ্জ থানার রেলকলোনী পাড়ায় অভিযান চালিয়ে মোঃ ফজলকে গ্রেপ্তার করে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইজিবাইকের অনেক যন্ত্রাংশ উদ্ধার হয়।

‎​উদ্ধারকৃত আলামতের মধ্যে ​৮টি ইজিবাইকের মোটর, ​১৫টি চার্জার, ​১০টি কন্ট্রোলার, ​২০টি চাবির মিটার, ​অটোচার্জার, গাড়ির হুক এবং গাড়ি খোলার সরঞ্জামসহ নানা যন্ত্রাংশ রয়েছে।

‎​পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত ফজল অনেক দিন ধরে চুরি করা ইজিবাইক কম দামে কিনে সেগুলো খুলে বিভিন্ন যন্ত্রাংশ বেশি দামে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আগে থেকেই চুরি ও দস্যুতাসহ ৬টি মামলা রয়েছে।
‎অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদা দাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি মোটরসাইকেল বা ইজিবাইক চুরির কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানা বা জেলা পুলিশকে জানাতে আহ্বান জানানো হয়েছে।