ঠাকুরগাঁওয়ে একটি বন্যপ্রাণীর আক্রমণে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৭টার দিকে উপজেলার সহোদর, দোশিয়া ও বুড়িপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। প্রাণীটির আকস্মিক আক্রমণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয়দের মধ্যে কেউ এটিকে হায়না বলে দাবি করলেও প্রশাসন এখনও প্রাণীটির পরিচয় নিশ্চিত করেনি। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা বলেন, রাতের খাবার শেষ হওয়ার পর কেউ বাড়ির আঙিনায়, কেউ আবার চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বন্যপ্রাণী লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণীটি একের পর এক ব্যক্তিকে বিভিন্ন স্থানে কামড়ে আহত করে। পরে কয়েকটি বাড়িতে গিয়ে শিশু ও গৃহপালিত ছাগলের ওপরও হামলা চালায়।
আহতদের মধ্যে বুড়িপুকুর গ্রামের ময়রমা (৭৫), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলের নাম জানা গেছে। তবে তারা দাবি করেন আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বুড়িপুকুর গ্রামের বাসিন্দা আল মামুন বলেন, প্রাণীটি খুবই হিংস্র ছিল। মানুষ দেখলে সেটি তেড়ে গিয়ে কামড়ে দিচ্ছিল। পরে গ্রামবাসীরা একত্রিত হয়ে ধাওয়া করলে সেটি এলাকা থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের মধ্যে অনেকেই প্রাণীটিকে হায়না মনে করছেন। তবে প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ কেউ বলছেন, একটি প্রাণী বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব হামলা চালিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, আহতদের ক্ষত স্থান পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হায়না জাতীয় কোনো বন্যপ্রাণীর কামড় হতে পারে।
তিনি আরও বলেন, আক্রান্তদের প্রয়োজন অনুযায়ী অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের ক্ষেত্রে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিনের সঙ্গে অ্যান্টি-র্যাবিস ইমিউনোগ্লোবিনও প্রয়োগ করা হয়েছে।