প্রিন্ট এর তারিখ: জুলাই ২২, ২০২৬, ১:২৫ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২১, ২০২৬, ৫:৫৬ পি.এম.

৩ দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

মৌসুমি শ্রমিকদের স্থায়ী করার জন্য ৩ দফা দাবি পূরণের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। দাবি তাড়াতাড়ি না মানা হলে ধাপে ধাপে পূর্ণ দিবস কর্মবিরতির সঙ্গে আরও কঠোর আন্দোলনের সতর্কতা দিয়েছেন তারা।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পরিচালনায় এই কর্মসূচি পালিত হয়।

সকাল থেকে দুপুর পর্যন্ত মিলের জামতলায় গেট মিটিং শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমডি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।


আরোও পড়ুন

ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

এসময় সমাবেশে বক্তারা বলেছিলেন, দীর্ঘদিন ধরে মৌসুমি শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ী পদে স্থানান্তর, শ্রমিকদের জন্য ১৫ শতাংশ বিশেষ সুবিধা এবং নতুন পে-স্কেল অনুযায়ী নতুন মজুরি কমিশন ঘোষণা করার বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য মৌসুমি শ্রমিকদের ভিতরে স্থায়ী পদে স্থানান্তরের সুযোগ ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো শ্রমিকদেরও ১৫ শতাংশ বিশেষ সুবিধা এবং নতুন মজুরি কাঠামো কার্যকর করতে হবে।

বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২২ জুলাই চার ঘণ্টা এবং ২৩ জুলাই পূর্ণদিবস কর্মবিরতির পাশাপাশি আরও কঠোর আন্দোলনের কর্মসূচি প্রকাশ করা হবে।

এ সময় বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহসাধারণ সম্পাদক রুহুল আমীন, সহসভাপতি লুৎফুল কবীর মানিক, অর্থ সম্পাদক জাকিউল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।