প্রিন্ট এর তারিখ: জুলাই ৬, ২০২৬, ২:৪৬ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ৬, ২০২৬, ১২:১৭ এ.এম.

মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের রায়, দুইজনের ৩ মাসের কারাদণ্ড

মোঃ সুজন আহম্মেদ, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদক সেবনের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) রাত প্রায় ৮টার দিকে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মল্লিকচক গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. শিহাব উদ্দিন (২৩) এবং একই গ্রামের মো. আফজাল সরকারের ছেলে মো. নাছিম উদ্দিন (২৭)-কে দোষী সাব্যস্ত করা হয়। পরে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিউল আযম-এর নেতৃত্বে এসআই সুব্রত কুমারসহ পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।”