প্রিন্ট এর তারিখ: জুলাই ১, ২০২৬, ৩:৫২ পি.এম. || প্রকাশের তারিখ: জুন ২৯, ২০২৬, ৮:১৬ পি.এম.

পত্নীতলায় বজ্রপাতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে বিদ্যালয়ের পাঠদান চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ার পর বিদ্যালয় ভবনের পাশেই বজ্রপাত হয়। বিকট শব্দে ক্লাসে থাকা কয়েকজন শিক্ষার্থী ভয় পেয়ে সাময়িকভাবে অচেতন ও অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষকরা দ্রুত তাদের প্রাথমিক সেবা প্রদান করলে তারা সুস্থ হয়ে ওঠে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো শিক্ষার্থীর শরীরে সরাসরি বজ্রপাত না লাগায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এদিকে বজ্রপাতের প্রভাবে বিদ্যালয়ের মেইন সুইচ ও অভ্যন্তরীণ বৈদ্যুতিক লাইনের ক্ষতি হয়েছে। ফলে পুরো বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে অনেক অভিভাবক বিদ্যালয়ে এসে খোঁজখবর নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।