
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
পরিবেশের উপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে লড়াই করা ও নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা লক্ষ্যে নাটোরের সিংড়া উপজেলার কৃষিবড়িয়া উচ্চ বিদ্যালয়ে চমকপ্রদ আয়োজনের মাধ্যমে “এক শিশু, একটি গাছ” (ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি) কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষরোপণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সারাদেশে একযোগে শুরু হওয়া ৫০ লক্ষ বৃক্ষরোপণের জাতীয় অভিযানের একটি অংশ হিসাবে বিকাল ৩ টায় স্কুলের মাঠে এই আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনু এমপি’র প্রতিনিধি উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এবং কৃষিবড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাদাত হোসেন মিন্টু, কৃষিবড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির প্রাক্তন সদস্য খাইরুজ্জামান সিটু, চৌগ্রাম ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক এমদাদুল হক মিলন, সাবেক সভাপতি রাজু আহমেদ প্রমুখ।
বৃক্ষরোপণের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার জন্য প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি গাছ রোপণ এবং তার যত্ন নেয়া অপরিহার্য। “এক শিশু, একটি গাছ” স্লোগানে উদ্ধুদ্ধ হয়ে আগামী প্রজন্ম পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জাতের ফলদানকারী, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষকদের, অভিভাবকদের, স্থানীয় গুণী ব্যক্তিদের এবং বহু সংখ্যক ছাত্র-ছাত্রীর উপস্থিতি ছিল। শিক্ষার্থীরা তাদের বাড়িতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও তাদের যথাযথ পরিচর্যার প্রতিশ্রুতি দেয়।