নাটোর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বড়াইগ্রাম ও গুরুদাসপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এবং অন্যায়ের কোনো স্থান হবে না।
শনিবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের জন্য যে আশা ও স্বপ্নের কথা বলেছেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি গত ১৮ বছরে বড়াইগ্রাম ও গুরুদাসপুরের মানুষের ওপর নিপীড়ন, নির্যাতন, সন্ত্রাস ও নৈরাজ্যের যে অভিযোগ রয়েছে, সেসব থেকে মুক্ত একটি জনপদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফসার আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত, বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুস সাত্তারকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।