Site icon দৈনিক নবদিগন্ত

বগুড়ার শেরপুরে বাস উল্টে আহত ১০, যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন

বগুড়ার শেরপুরে বাস উল্টে আহত ১০, যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী ইউনিয়নের ঘোগা ব্রিজের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে প্রাথমিকভাবে ৮ থেকে ১০ জন যাত্রী সামান্য ভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন। গুরুতরভাবে আহত একজন অজ্ঞাত যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের সময় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া বাসটি শাহ ফতেহ আলী পরিবহনের বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, বাসটি ঢাকা থেকে রংপুরের দিকে যাত্রা করছিল। ঘোগা ব্রিজের ইউ-টার্নের কাছে পৌঁছালে চালক বাসের ওপর নিয়ন্ত্রণ হারান। মনে করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাসটিকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল বলেছিলেন, দুর্ঘটনায় ৮ থেকে ১০ জন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন। এছাড়া একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে। আহত যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহনের চলাচলে সামান্য অসুবিধা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

Exit mobile version