নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মধ্যে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং” শীর্ষক একটি প্রদর্শনী আয়োজন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা তাদের বিজ্ঞান বিষয়ক প্রকল্প, স্টার্টআপ আইডিয়া এবং নতুন উদ্ভাবন প্রদর্শন করেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা, এছাড়াও নলডাঙ্গা উপজেলা বিএনপির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক এম এ হাফিজসহ অনেকে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা প্রযুক্তির উপর নির্ভরশীল বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন, যা শিক্ষার্থীদের সৃষ্টিশীলতা ও গবেষণার চিন্তাভাবনার বিকাশে সহায়ক হবে বলে বক্তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন, নলডাঙ্গা, নাটোর এই প্রদর্শনীর আয়োজন করেছে। আয়োজকরা জানান, যুবসমাজকে বিজ্ঞান ও উদ্ভাবনমূলক কার্যকলাপের প্রতি আগ্রহী করতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

