Site icon দৈনিক নবদিগন্ত

নলডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ জন নিহত

নলডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ জন নিহত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তি মোঃ খেজমত আলী (৫০), তিনি আঁচড়া খালি গ্রামের মৃত মাজম আলীর পুত্র। আহত মোঃ রফিকুল ইসলাম (৪২) একই গ্রামের মৃত সমসের আলীর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয়েই ভাংরিমালের ব্যবসায়ী। ট্রাকটি আটক করা হয়েছে, যার রেজিস্ট্রেশন নম্বর ড-১৪-২৪৩২।

রবিবার (২৪ মে) দুপুর ১ টার দিকে নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের আঁচড়খালি গ্রামে রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র মতে, তারা দুজনই ভাংরির ব্যবসার জন্য নিজেদের ভ্যানে করে গ্রামের বিভিন্ন স্থান থেকে মাল ক্রয় করে ফিরছিলেন। আচঁড়াখালি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের ভ্যানের ওপর উঠে যায় এবং ট্রাকটি পালিয়ে যায়। ভ্যানের চালক খেজমত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং ভ্যানে থাকা মোঃ রফিকুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে নলডাঙ্গা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয় এবং পিষ্ট হওয়া মৃতদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

এই ট্রাকটি স্থানীয়জনেরা পাটুল বাজার থেকে আটক করেন এবং চালক পলাতক রয়েছে।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাক চালককে আটক করতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Exit mobile version