Site icon দৈনিক নবদিগন্ত

বগুড়ায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উদযাপন

বগুড়ায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উদযাপন

 মোঃ আল মুনতাকিম, বিশেষ প্রতিনিধিঃ

পৃথিবীর সুরক্ষায় কাজ করি স্থানীয় পর্যায়ে” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এবং স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলোর যৌথ আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।

শুক্রবার সকাল ১০টায় সরকারি আজিজুল হক কলেজের প্রধান ফটক থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সেমিনার কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুদ্ধ, শিল্পায়ন ও অতিরিক্ত ভোগবাদী কর্মকাণ্ডের কারণে বিশ্বজুড়ে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এই সংকট মোকাবেলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানো জরুরি।

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন জীববৈচিত্র্য সংরক্ষণে শিক্ষার্থী ও তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। মুখ্য আলোচক সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান পরিবেশ সুরক্ষায় আইন ও বাস্তবভিত্তিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিশেষ অতিথি উপাধ্যক্ষ মো. শামসুল আলম বলেন, মানুষের ভোগবাদী আচরণ প্রকৃতিকে ধ্বংস করছে, তাই সবাইকে পরিবেশ রক্ষায় আরও সচেতন হতে হবে।

সভাপতিত্ব করেন বিবিসিএফ-এর উপদেষ্টা প্রফেসর ড. এস. এম. ইকবাল। তিনি স্থানীয় পর্যায়ে জীববৈচিত্র্য সংরক্ষণে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন এবং বৃক্ষরোপণ, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

Exit mobile version