Site icon দৈনিক নবদিগন্ত

নলডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

নলডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

নলডাঙ্গা( নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই মূলমন্ত্র নিয়ে তিন দিনের ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আকর্ষণীয় র‍্যালি শুরু হয়।

র‍্যালিটি উপজেলায় প্রধান সড়কগুলো ঘুরে শেষে আবার উপজেলা চত্বরে ফিরে আসে। অনুষ্ঠানের শুরুতে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভূমিমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য সরাসরি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের সহায়তায় এই মেলার আয়োজন করা হয়। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন মেলার শুভ উদ্বোধন করেন অফিসের মূল ফটকে ফিতা কেটে।

এ সময় বক্তারা বলেন, ‘ভূমি ব্যবস্থাপনায় দালালদের প্রভাব বন্ধ করে সেবাগ্রহীতাদের সরাসরি এবং হয়রানি থেকে মুক্ত সেবা নিশ্চিত করা জরুরি। নাগরিক সেবা পেতে অসুবিধা হলে বা হয়রানির সম্মুখীন হলে তার সমাধান নিশ্চিত করতে একটি হটলাইন চালু করা দরকার। তৃণমূল স্তরে ভূমি সেবা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং তাৎক্ষণিক সেবা প্রদান নিশ্চিত করতে হবে। অনলাইনে ভূমি সেবাকে আরও সহজ ও জনবান্ধব করে তুলতে হবে এবং ভূমি সংক্রান্ত আধুনিক সেবার বিষয় সবাইকে অবহিত করতে হবে।’

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল বুলবুল, সাবেক পৌর মেয়র মোঃ আব্বাস আলী নান্নু, ভূমির মালিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

Exit mobile version