মোঃ আল মুনতাকিম:
বগুড়ার শেরপুর উপজেলা এলাকায় বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের সরকারের এ্যাসেট প্রকল্পের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি ভিত্তিক দক্ষতার উন্নয়নে কাজ করা রুহুল আইটির উদ্যোগে ২০২৬ সালের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের প্রশিক্ষণ সমাপ্ত হয়।
আজ বুধবার (১৩ মে) শেরপুর উপজেলার দুবলাগাড়ি এলাকার রুহুল আইটির নিজস্ব অফিসে শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ ও ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির পরিচালনা করেন খতিব মো: আব্দুল আউয়াল শেরপুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো: এজাজ উদ্দিন। পাশাপাশি অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রুহুল আইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সাইদুজ্জামান হিমু উপস্থিত ছিলেন।
এই সময় উপজেলা নির্বাহী অফিসার তার বক্তৃতায় উল্লেখ করেন, দেশের বেকারত্ব দূর করতে ফ্রিল্যান্সিং একটি অত্যন্ত লাভজনক ক্ষেত্র। দীর্ঘ সময় পড়াশোনা করেও যেমন চাকরি পাওয়া যায়, তেমনই ধৈর্যের সঙ্গে দক্ষতা অর্জন করে অনলাইনে সুন্দর আয় সম্ভব।
জানা গেছে, প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত চূড়ান্ত পরীক্ষায় ৭২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬১ জন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট, ব্যাগ ও সম্মানী গ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে অনেকে ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে ভাতা পেয়েছেন।
আয়োজনকারীরা জানান, আগামীতে শিক্ষার্থীদের জন্য আরও সম্মানীর ব্যবস্থা থাকবে। এছাড়া যেসব শিক্ষার্থী ইতোমধ্যে চাকরিতে যোগ দিয়েছেন, তাদের মোট উপার্জনের ২০ শতাংশ প্রণোদনা দেওয়ার পরিকল্পনাও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর চাকরির দিকে এগিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন।

