Site icon দৈনিক নবদিগন্ত

ভাঙ্গুড়ায় নারী দুগ্ধ খামারিদের আধুনিক ডেইরি প্রশিক্ষণ

ভাঙ্গুড়ায় নারী দুগ্ধ খামারিদের আধুনিক ডেইরি প্রশিক্ষণ

মোঃ সুজন আহম্মেদ বিশেষ প্রতিনিধি:

“দক্ষ নারীর শক্তি, খামারের উন্নয়ন” এই মূল বক্তব্যকে কেন্দ্র করে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের আয়োজনে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মহিলাদের দুধ খামারি হিসেবে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলার হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০ জন মহিলা দুধ খামারি অংশ নেন।

প্রশিক্ষণের সময় নারীর ক্ষমতায়ন, দুধ উৎপাদনে মহিলাদের অংশগ্রহণের সম্ভাবনা, সুযোগ এবং সীমাবদ্ধতা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সেই সঙ্গে আধুনিক পদ্ধতিতে গাভী পালন, স্বাস্থ্যকর দুধ সংগ্রহ এবং খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের শেষে প্রত্যেক মহিলা দুধ খামারীকে স্বাস্থ্যসম্মতভাবে দুধ সংগ্রহের নিশ্চয়তা দেওয়ার জন্য বিনামূল্যে একটি করে মিল্ক নেট (দুধ ছাকনি) সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিস এবং ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রুমানা আক্তার রোমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার এবং উপজেলা সমাজকল্যাণ অফিসার মো. আরিফুল ইসলাম।

প্রশিক্ষণের প্রধান উপস্থাপক এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. ইমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরির আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলাম এবং সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মো. আসাদুজ্জামান।

অংশগ্রহণকারী মহিলা খামারীরা জানান, এই ধরনের প্রশিক্ষণ তাদের দক্ষতা বৃদ্ধি এবং স্বনির্ভর হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Exit mobile version