Site icon দৈনিক নবদিগন্ত

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

মোঃ সুজন আহম্মেদ বিষেস প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমানিষা ইউনিয়নের শাহনগর গ্রামে অবস্থিত মো. সাখাওয়াত হোসেনের চিলিং সেন্টারে পরিচালিত হয়েছে অভিযান। উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নেতৃত্বে এই অভিযানে ভেজাল দুধ তৈরির জন্য ব্যবহৃত এক ড্রাম জেলি ও কাস্টিক সোডাসহ বিভিন্ন কেমিক্যাল উদ্ধার হয়েছে।

সূত্রে জানা যায়, মো. সাখাওয়াত হোসেন দীর্ঘকাল ধরে ভেজাল দুধ তৈরির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেটি বাজারে বিক্রি করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে প্রায় ৭০০ লিটার ভেজাল দুধ ধরা পড়ে এবং পরে সেটি ধ্বংস করা হয়।

অভিযান শেষে মো. সাখাওয়াত হোসেনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়, পাশাপাশি তাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। আরো একজন তার কর্মচারীকেও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “সাখাওয়াত দীর্ঘ সময় ধরে এই ভেজাল ব্যবসার কার্যক্রম চালাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান করে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও কেমিক্যাল জব্দ করেছি।”

এ ঘটনায় এলাকার মানুষদের মধ্যে বিস্তৃত উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদকদের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলতে থাকবে।

Exit mobile version