Site icon দৈনিক নবদিগন্ত

ডিবি অভিযানে পাবনায় বার্মিজ ওয়ান শুটার উদ্ধার

ডিবি অভিযানে পাবনায় বার্মিজ ওয়ান শুটার উদ্ধার

মোঃ সুজন আহম্মেদ, বিশেষ প্রতিনিধি:

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি অবৈধ বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। অস্ত্র মামলায় গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে এ অস্ত্রটি জব্দ করা হয়।

পাবনা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ ছূফি উল্লাহ-এর নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ রেজিনূর রহমান-এর তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।

অস্ত্র আইনের একটি মামলায় গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন (৩৬)-কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পাবনা সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের সুখচর গ্রামে তার নির্মাণাধীন টিনশেড গোয়ালঘরে অভিযান চালানো হয়।

অভিযানে গোবরের ঘষির বস্তার ভেতর লুকিয়ে রাখা একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রটি জব্দ করা হয়।

এর আগে একই আসামির কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড ৭.৬২ মি.মি. তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অস্ত্র উদ্ধারে ডিবির একাধিক দল অভিযান চালাচ্ছে।

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পাবনা জেলা পুলিশ।

Exit mobile version