Site icon দৈনিক নবদিগন্ত

জয়পুরহাটে ছাত্রদল নেতার বাবার ওপর হামলা

জয়পুরহাটে ছাত্রদল নেতার বাবার ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:

জয়পুরহাটে পূর্ব বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম আবু তাহেরের বাবা আফজাল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৮ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে একদল দুর্বৃত্ত আফজাল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় আহতকে।

এ ঘটনায় এস এম আবু তাহের বলেন, তার বাবাকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এলাকাবাসী ও স্থানীয় মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version