মোঃ আল মুনতাকিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ব্র্যাক বটতলা এলাকায় অবস্থিত নূরে মাদিনা হাফেজিয়া কওমি মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের শুধু ধর্মীয় জ্ঞানেই সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে স্বাবলম্বী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে হিফজ ও কিতাব বিভাগের পাশাপাশি কম্পিউটার, গার্মেন্টস, গাড়ি চালনা, ইলেকট্রিক্যাল ও ওয়েলডিংসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
লিল্লাহ বোর্ডিংয়ে এতিম ও দরিদ্র শিক্ষার্থীরা বিনামূল্যে থাকা-খাওয়ার সুযোগ পাচ্ছে। স্থানীয় ও দানশীল ব্যক্তিদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ বাড়িয়েছে।
স্থানীয়রা বলেন, ধর্মীয় ও কারিগরি শিক্ষার সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে একটি ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছে। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে কর্মসংস্থানে আরও সক্ষম হবে।
নূরে মাদিনা মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংকে স্থানীয়রা একটি আলোকিত শিক্ষাকেন্দ্র হিসেবে অভিহিত করেছেন। তারা মনে করেন, যথাযথ সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি আরও বিস্তৃত পরিসরে সমাজে অবদান রাখতে পারবে।

