আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ সদর থানা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. মোরশেদ (২৮) তার স্ত্রী ফাল্গুনীকে ঘরের শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রায় এক মাস আগে ফাল্গুনীর সঙ্গে মোরশেদের বিয়ে হয়। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার পর পুলিশ খবর পেয়ে ফাল্গুনীর মরদেহ উদ্ধার করে এবং মোরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। প্রথমে তিনি ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও পরে পুলিশের জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

