প্রিন্ট এর তারিখ: অক্টোবর ১৭, ২০২৬, ৬:৫৪ এ.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৪:৪১ পি.এম.

নাটোরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাকিং চক্রের দুই সদস্য আটক

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে একটি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত সাড়ে ১টার দিকে লালপুর থানার এসআই (নিঃ) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সের সহায়তায় উপজেলার দুড়দুড়িয়া নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক মো. জিল্লুর রহমানের টিনশেড ভবনের উত্তর দুয়ারী একটি কক্ষে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. লালন আলী (৩০), পিতা-মৃত মজিবর রহমান, সাং-রামকৃষ্ণপুর এবং মো. জনি আলী (২৮), পিতা-মো. মিন্টু আলী, সাং-মনিহারপুর (দক্ষিণপাড়া)। তারা উভয়েই লালপুর থানার নাটোর জেলার বাসিন্দা।

পুলিশের দাবি, আটক দুজন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে হ্যাকিং ও প্রতারণার মতো সাইবার অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।