আব্দুল আজিজ, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলার নজিপুর বাণিজ্য মেলার সমাপনী রাতে লটারির ড্র যথাসময়ে না হওয়া এবং প্রথম পুরস্কারের মোটরসাইকেল মঞ্চে উপস্থিত না থাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। রাত ১১টার নির্ধারিত ড্র রাত ১টা বেজে যাওয়ায় এবং মেলা কমিটির কাউকে না পেয়ে ক্ষুব্ধ জনতা মূল মঞ্চে ভাঙচুর ও বেশ কিছু দোকানপাটে লুটপাট চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে মেলার সমাপনী ও শেষ রজনী উপলক্ষে লটারির ড্র দেখার জন্য মেলা প্রাঙ্গণে হাজারো সাধারণ মানুষের উপচে পড়া ভিড় জমেছিল। নিয়মানুযায়ী রাত ১১টায় ড্র হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও তা শুরু হয়নি।
বিশেষ করে প্রথম পুরস্কারের মোটরসাইকেলটি স্টেজে বা মেলা প্রাঙ্গণে না থাকায় উপস্থিত জনতার মাঝে সন্দেহ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ মানুষ জোরালো দাবি তোলেন যে, ড্র শুরুর আগেই প্রথম পুরস্কারের মোটরসাইকেলটি সবার সামনে মঞ্চে হাজির করতে হবে।
কিন্তু দীর্ঘ সময়েও মেলা কমিটির কোনো দায়িত্বশীল ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। রাত ১টার দিকেও ড্র শুরু না হওয়ায় ধৈর্যহারা জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা লটারির মূল মঞ্চে ভাঙচুর চালায়। এই সুযোগে মেলা প্রাঙ্গণের বেশ কিছু স্টল ও দোকানে ব্যাপক ভাঙচুর এবং মালামাল লুটপাটের ঘটনা ঘটে বলে ভুক্তভোগী দোকানদাররা অভিযোগ করেছেন।
সমাপনী রাতের এই বিশৃঙ্খলার পরপরই মেলা পরিচালনার দায়িত্বে থাকা কমিটির লোকজন ও আয়োজকরা দ্রুত মাঠ ছেড়ে আত্মগোপনে চলে যান। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মেলা প্রাঙ্গণে থমথমে অবস্থা বিরাজ করছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই আকস্মিক হামলা ও লুটপাটের জন্য মেলা কমিটির চরম অব্যবস্থাপনাকে দায়ী করে বিচার দাবি করেছেন।