আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলায় থানা ও নজিপুর পৌর বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নতুনহাট এলাকা প্রদক্ষিণ করে নজিপুর বাসস্ট্যান্ডের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
র্যালিতে পত্নীতলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নজিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালি শেষে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা খান চাচা। এ ছাড়া বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মানুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও খায়রুল আলম গোল্ডেন।
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন, জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।