আব্দুল আজিজ, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় পত্নীতলার বামইল মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পত্নীতলা ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগ এবং মাটিন্দর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাটিন্দর ইউনিয়ন ২-১ গোলে পত্নীতলা ইউনিয়নকে পরাজিত করে বিজয়ী হয়।
আয়োজকদের পক্ষ থেকে খেলাধুলাকে শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মারুফ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাও. মো. হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও পত্নীতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মো. আতাউর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাও. মো. হারুনুর রশিদসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া অনুষ্ঠানে পত্নীতলা ইউনিয়ন জামায়াতের আমির মো. হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মো. জালাল উদ্দিন এবং মাটিন্দর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
আব্দুল আজিজের পাঠানো ভিডিওচিত্রে দেখা যায়, ম্যাচটি উপভোগ করতে বামইল মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলাকে কেন্দ্র করে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং দর্শকরা পুরো আয়োজন উপভোগ করেন।