প্রিন্ট এর তারিখ: অক্টোবর ১৭, ২০২৬, ৪:৫৮ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ২৬, ২০২৬, ১২:০৮ এ.এম.

পত্নীতলায় জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু

আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একটি জমজমাট আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা। স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম পর্বটি এলাকাবাসীর মধ্যে বেশ উদ্দীপনা তৈরি করেছে।

উপজেলার ঐতিহ্যবাহী গগণপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ঘোষনগর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগ বনাম আমাইড় ইউনিয়ন যুব ও ক্রীড়া দল। টানটান উত্তেজনার এই খেলায় উভয় দলের খেলোয়াড়রা চমৎকার খেলা প্রদর্শন করেন। নির্ধারিত এবং রোমাঞ্চকর লড়াই শেষে ঘোষনগর ইউনিয়ন দল ৩ গোল করে এবং আমাইড় ইউনিয়ন দল ২ গোল করে। দুর্দান্ত এই জয়ের ফলে ঘোষনগর ইউনিয়ন দল প্রথম রাউন্ডে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।

৯নং ঘোষনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো: আখতার ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী এই প্রথম রাউন্ডের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মো: এনামুল হক এম. পি।

বিশেষ অতিথি হিসেবে এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হারুনুর রশিদ এবং ১০নং আমাইড় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আলী।

খেলা শেষে চমৎকার পারফরম্যান্সের জন্য আজকের খেলার ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর পুরস্কার প্রদান করা হয়। নজিপুর বাসস্ট্যান্ডস্থ সিটি ডায়াগনস্টিক সেন্টার-এর সম্মানিত পরিচালক জনাব মো: হারুন রশিদ ম্যান অব দ্য ম্যাচের এই আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

খেলাটি উপভোগ করতে মাঠজুড়ে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় গুণীজন উপস্থিত ছিলেন।