প্রিন্ট এর তারিখ: অক্টোবর ১৭, ২০২৬, ৫:০৩ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ১৯, ২০২৬, ৯:১৪ পি.এম.

পত্নীতলা-ধামইরহাট সীমান্তে নারীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা ও ধামুইরহাট থানার মাঝে তেপুকুরিয়া জামাইপাড়া ও মাহমুদপুর তালপুকুর এলাকার কেন্দ্রে অগ্নিদগ্ধ অবস্থায় একটি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে চিহ্নিত করা হলেও পরে একটি ভোটার আইডি কার্ডের মাধ্যমে পরিচয় নির্ধারণ করা হয়।

নিহত নারী মেরিনা (৪৬)। তিনি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের খাইলনা দিঘিপাড়া গ্রামের হাসানের স্ত্রী এবং পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের কৈবর্তখণ্ড (সরকারপাড়া) গ্রামের দোস মুহাম্মদের কন্যা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেল ৫ ঘটিকার সময় মরদেহটি অগ্নিদগ্ধ অবস্থায় আম বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। স্থানীয়দের ধারণা, ওই নারীকে পেট্রল দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে। তবে এটি হত্যা না অন্য কিছু, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষ হলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি তাদের পরিবারের সদস্য মেরিনার বলে চিহ্নিত করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের মৃত্যুর আসল কারণ উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।