সঠিক সংবাদ দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখে ৫১ বছরে পা দিল পাঠক প্রিয় পত্রিকা ‘দৈনিক করতোয়া’। এ উপলক্ষে নাটোরের সিংড়ায় আনন্দময় ও উত্সবমুখর পরিবেশে কেক কাটা এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এই বর্ষপূর্তি অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার সিংড়া প্রতিনিধি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে কর্মসূচির শুরু হয়।
অনুষ্ঠানে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত তার বক্তব্যে বলেন: ”দৈনিক করতোয়া দীর্ঘ পাঁচ দশক ধরে নিরপেক্ষ ও সঠিক সাংবাদিকতার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করে আসছে। দেশের সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা ও স্থানীয় নানা সমস্যা-সম্ভাবনার চিত্র তুলে ধরতে পত্রিকাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনগুলোতে পত্রিকাটি তাদের ঐতিহ্য ধরে রেখে সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের কার্যনির্বাহী সদস্য প্রফেসর সাইদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল এবং সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম।
বক্তারা দৈনিক করতোয়ার ক্রমাগত সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, “গণমাধ্যম হলো সমাজের আয়না। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে ও সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীকভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু সাইদ খান, সাংবাদিক জুলহাজ কায়েম, আবু জাফর সিদ্দিকী, রবিন খান, মোতালেব ও কামাল পাশাসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে অতিথিরা একসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।