প্রিন্ট এর তারিখ: অক্টোবর ১৭, ২০২৬, ৪:৫৬ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ১০, ২০২৬, ৫:২৪ পি.এম.

ঘুকশী বিলের ফুটবল মাঠে পর্যটকদের গাড়ি, নষ্ট হচ্ছে খেলার পরিবেশ

আব্দুল আজিজের, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের নান্দাশ গ্রামের ঐতিহাসিক ঘুকশী বিলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিন দূরদূরান্তের অনেক পর্যটক আসছেন। তবে পর্যটকদের ভিড় এবং বিলের ধারের মাঠে গাড়ি-ঘোড়ার পার্কিংয়ের কারণে স্থানীয় যুবকদের খেলার মাঠটি আজ ক্ষতির সম্মুখীন হয়েছে। ঐতিহ্যবাহী এই মাঠটি রক্ষার জন্য দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ঘুকশী বিলের চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে পর্যটকরা আসেন। পর্যটকদের এই আগমন এলাকার জন্য আনন্দের হলেও, বিলের তীরের ঐতিহ্যবাহী ফুটবল মাঠে নিয়ম না মেনে দর্শনার্থীরা গাড়ি এবং মোটরসাইকেল নিয়ে ঢুকছেন।

এলাকা বাসীর ক্ষোভ প্রকাশ করে বলেন, “কথায় আছে—‘মাদক ছেড়ে মাঠে চল’। যুবকদের খেলাধুলায় উৎসাহী করতে এবং মাদকের প্রভাব থেকে রাখতে এই মাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতিদিন যেভাবে মাঠের ওপর দিয়ে পর্যটকদের গাড়ি চলাচল করছে এবং পার্কিং করা হচ্ছে, তাতে মাঠের মাটি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। মাঠের এই অবস্থা হলে এলাকার ছেলে-মেয়েরা কোথায় খেলবে? খেলাধুলা থেমে গেলে যুব সমাজ আবার বিপদে পড়বে।”

সচেতন মহলের অভিযোগ, দর্শনার্থীদের অবহেলার কারণে খেলার মাঠটি এখন পার্কিং স্পটে পরিণত হয়েছে। এতে মাঠের ঘাস ও সৌন্দর্য নষ্ট হয়ে এটি খেলাধুলার জন্য অপর্যাপ্ত হয়ে পড়ছে।

ঐতিহাসিক ঘুকশী বিলের সৌন্দর্য রক্ষা এবং তরুণ প্রজন্মের খেলাধুলার পরিবেশ টিকিয়ে রাখতে মাঠের চারপাশে ব্যারিকেড নির্মাণ কিংবা গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার জোর দাবি উঠেছে। অতিসত্বর পত্নীতলা থানা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কার্যকর নজরদারির মাধ্যমে এই ফুটবল মাঠটি রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী।