পাবনার চাটমোহর উপজেলার সাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামে ভেজাল দুধ তৈরির অভিযোগে মো. কমোল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা না দিলে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্ত মো. কমোল হোসেন মাইনুল হোসেনের ছেলে। তাঁর বাড়ি উপজেলার সাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামে।
শুক্রবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চাটমোহর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।
অভিযান চলাকালে ভেজাল দুধ তৈরির কাজে ব্যবহৃত কস্টিক সোডা, জেল, সয়াবিন তেল, ব্লেন্ডার মোটরসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযান শেষে উপস্থিত সাংবাদিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে শাস্তির মাত্রা ও আইনি ভিত্তি সম্পর্কে জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি বলে সাংবাদিকদের দাবি।
এদিকে, শাস্তির মাত্রা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির মতে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যেন কেউ ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াতে সাহস না পায়।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি না থাকায় জনমনে প্রশ্ন উঠেছে—অভিযানে ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ হওয়ার পরও কেন এই মাত্রার শাস্তি দেওয়া হলো এবং কোন আইনের কোন ধারা অনুযায়ী এই দণ্ড নির্ধারণ করা হয়েছে, তা নিয়ে জনমনে প্রশ্ন আছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।