প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:৪৭ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৫, ২০২৬, ১০:৩০ পি.এম.

রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ, ৪৮ ঘণ্টার মধ্যে জবাবের নির্দেশ

মো: আল-মাহফুজ শাওনঃ

দলীয় কার্যক্রমে অনুপস্থিতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহী মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৪ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির ও সদস্যসচিব এমদাদুল হক লিমন স্বাক্ষরিত পৃথক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

দলীয় কার্যক্রমে অনুপস্থিত থাকার অভিযোগে শোকজ পাওয়া নেতারা হলেন—রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ হাসান রিয়াদ, সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের সভাপতি আসফাত ইসলাম আফ্রিদি, সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান জিম, সাধারণ সম্পাদক সামির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোদ্র, সাংগঠনিক সম্পাদক রওনক আবীদ, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহসভাপতি ওয়াকিলুর রহমান বিশাল, সাধারণ সম্পাদক রেদওয়ান আলম সাফিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক এ্যানি খাতুন, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক রুহানউজ্জামান রিজন এবং দারুস সালাম কামিল মাদ্রাসার সাধারণ সম্পাদক সাদাত রায়েদ।

আরোও পড়ুন

রূপসা টোলপ্লাজায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নোটিশে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থাকার পরও অভিযুক্ত নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঘোষিত বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে তারা একাধিক সাংগঠনিক কার্যক্রমে অনুপস্থিত থাকাও উল্লেখ করা হয়েছে।

এ কারণে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক, সদস্যসচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের উপস্থিতিতে দলীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহী নগরের মতিহার থানা (দক্ষিণ) ছাত্রদলের সাবেক সদস্য সারোয়ার হোসেন তিমেলকেও একই ধরনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তার বিরুদ্ধে সংগঠনবিরোধী আচরণের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলা হয়েছে।

সংশ্লিষ্টদের ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।