মো: আল-মাহফুজ শাওনঃ
খুলনা মহানগরীর নতুন রাস্তা এলাকায় এনা পরিবহনের কাউন্টারের সামনে গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। রোববার রাতে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পথচারীরা রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আহত ব্যক্তি বরিশাল থেকে খুলনাগামী কোনো বাসের হেলপার হতে পারেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। পুলিশ তার পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে।
ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে সংবাদটি হালনাগাদ করা হবে।