মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এবং খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।
সভায় পুলিশ কমিশনার বলেন, খুলনা নগরীর সব ধর্মের মানুষ সমান মর্যাদা ও অধিকারের অংশীদার। হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মীয় ও সামাজিক সংগঠনকে কেএমপির গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে তিনি বলেন, সকল ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) এম. এম. শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান।
এছাড়া খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা গোপী কিষাণ, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, সহ-সভাপতি অধ্যাপক তারক চাঁদ ঢালী, খুলনা সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহাসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। উৎসবকে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।