রাকিবুল হাসান, শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের মোকাবেলার জন্য বৃক্ষরোপণের গুরুত্ব অত্যন্ত বেশি। উপকূলীয় এলাকায় পরিবেশের সমতা রক্ষা এবং জলবায়ুর সহনশীলতা বাড়ানোর উদ্দেশ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে লবণপ্রতিরোধী গাছের চারা প্রদান করা হয়েছে।
২৮ জুন ২০২৬ রবিবার, গ্রীন ক্লাইমেট ফাউন্ডেশনের সহযোগিতায়, পিকেএসএফ-এর প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে এবং নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে আরএইচ প্রকল্পের আওতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪৫০টি পরিবারের মধ্যে ৮টি করে মোট ৩,৬০০টি লবণপ্রতিরোধী গাছের চারা বিতরণ করা হয়েছে।
আয়োজকরা বলেন, এই প্রকল্প পরিবেশের সমতা বজায় রাখা, কার্বনের শোষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সেইসাথে, ফল ও বনজ গাছগুলো ভবিষ্যতে সুবিধাভোগী পরিবারের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আয়ের উন্নতিতেও সাহায্য করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশন এর আরএইচএল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ মাসুদুল হক।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় উপকারভোগীদের উদ্দেশ্যে বিতরণ করা চারাগুলো সঠিকভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, উপকূলীয় অঞ্চলে গাছ লাগানো বাড়লে তা জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাব মোকাবেলায় কার্যকর প্রভাব ফেলবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।