প্রিন্ট এর তারিখ: জুলাই ১, ২০২৬, ৩:৪৮ পি.এম. || প্রকাশের তারিখ: জুন ২৬, ২০২৬, ৮:১০ পি.এম.

নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে খুলনায় যুবদলের বিক্ষোভ মিছিল ও জনসভা

মো: আল-মাহফুজ শাওন:

নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরোধিতা করতে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মহানগর যুবদলের সাহসী সভাপতি আব্দুল আজিজ সুমনের নেতৃত্বে এই কার্যক্রমে শহরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে  উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শুক্রবার বিকালে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি অতিক্রম করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের পর একটি সংক্ষিপ্ত জনসভায় বক্তারা অভিযোগ করেন যে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল এবং অশান্তিকর কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

জনসভায় প্রধান বক্তা হিসেবে মহানগর যুবদলের সভাপতি আব্দুল আজিজ সুমন বলেন, “খুলনার মাটিতে কোন ধরণের  সন্ত্রাস, বিশৃঙ্খলাপূর্ণ কর্মকাণ্ড ও গণবিরোধী কার্যক্রমের জন্য কখনোই সুযোগ দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুবদল সব সময় রাজপথে সক্রিয় থাকবে।”

তিনি আরো বলেন, “যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, ভোটাধিকারকে কেড়ে নিয়েছে এবং দেশের জনগণের ওপর দমন-পীড়ন প্রয়োগ করেছে, তাদের পুনর্বাসনের সুযোগ নেই। খুলনা মহানগর যুবদল সমস্ত অপতৎপরতার বিরুদ্ধে একসঙ্গে  প্রতিরোধ গড়ে তুলবে।”

জনসভায় অন্যান্য নেতারা জানান, দেশের শান্তি ও শৃঙ্খলা ভঙ্গের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা সজাগ রয়েছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এই কর্মসূচিতে মহানগর যুবদল, থানা এবং ওয়ার্ড যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।