মো: আব্দুল্লাহ শেখ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।গত চব্বিশ ঘণ্টায় নতুনভাবে ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হওয়ায় বর্তমানে হাসপাতালে মোট ৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন ১১ জন রোগী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। রোগীর চাপ বাড়ায় শয্যার অভাব দেখা দিয়েছে। ফলস্বরূপ, নারীরা ও পুরুষ রোগীরা একই ওয়ার্ডে চিকিৎসা পাচ্ছেন।
রোগীর অভিযোগ, ডেঙ্গু আক্রান্ত নারী ও পুরুষদের জন্য আলাদা ওয়ার্ডের অভাবে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর দিনের বেলা অনেক রোগীকেই মশারি ছাড়া থাকতে হচ্ছে হাসপাতালের পরিবেশে, যা নতুন করে সংক্রমণের ঝুঁকি তৈরি করছে বলে তাঁদের মনে হচ্ছে। রোগী ও তাঁদের পরিবার আলাদা ওয়ার্ড এবং পর্যাপ্ত মশারি সরবরাহের দাবি জানিয়েছেন।
কিন্তু হাসপাতালের সেবার বিষয়ে কিছু রোগী সন্তোষ প্রকাশ করেছেন।
তারা বলেছেন, রোগীর চাপ বেশি হলেও চিকিৎসক ও নার্সরা নিয়মিত তাদের খোঁজ নিচ্ছেন এবং আন্তরিকতা সহকারে চিকিৎসা প্রদান করছেন।
এ ব্যাপারে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার ফলে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। তবুও রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সরা অক্লান্তভাবে কাজ করছেন। রোগীর চাপ মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।