উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলা পৌর এলাকার ৮নং ওয়ার্ডে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে সুবাস চন্দ্র দাসের বিরুদ্ধে।
বাদী বিবেকানন্দ দাস জানিয়েছেন, লোহাগড়া পৌর ৯৬ নং কচুবাড়িয়া মৌজায় বিবাদী সুবাস চন্দ্র দাসের সঙ্গে মোট ৩৫টি দাগে ৫একর ৯৬ শতাংশ জমি নিয়ে তিনি ১৯৮৯ সালের ৩৯ নম্বর ডিগ্রি এবং ২৯ এপ্রিল ২০২৫ সালে নিম্ন আদালতের ০৭/২০২৪ রায় বাতিলের জন্য ২০২৫ সালের ২৮ জুলাই মহামান্য হাইকোর্টের বিচারক এসএম কুদ্দুস জামানের আদালতে ২৭৯৮ নম্বর মামলা দাখিল করেছেন।
মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। মহামান্য হাইকোর্টের বিচারক উক্ত মামলার শুনানির সময় বলেছেন, ‘রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে মামলার জমির দখল এবং অবস্থান অপরিবর্তিত রাখার নির্দেশনা দেওয়া হলো’ এবং আদেশের কপি বাদী ও বিবাদীকে ডাকযোগে পাঠাতে বলা হয়েছিল। কিন্তু বিবাদী সুবাস চন্দ্র দাস হাইকোর্টের এই আদেশ অমান্য করে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টার দিকে আর এস ১২৩৭ নম্বর দাগের ২০ শতাংশ জমিতে জোরপূর্বক একটি পাকা দালান এবং অ-গভীর নলকূপ স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছেন।
বাদী আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি জানানোসাপেক্ষে নির্মাণ কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করলে বিবাদী জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে সুবাস চন্দ্র দাস জানান, তিনি হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়টি জানেন না।