মো: আব্দুল্লাহ শেখ, বাগেরহাট প্রতিনিধি:
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বাগেরহাটের রামপাল উপজেলা শিশুশ্রম, বাল্যবিবাহ এবং স্কুলের বাইরে থাকা শিশুদের মুক্ত উপজেলা হিসেবে উন্নীত করার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) একটি অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতির ভূমিকা পালন করেন রামপাল উপজেলার নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌস। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকত আলী, রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশন রামপালের প্রোগ্রাম অফিসার সুবাস এম. জয়ধর এবং পার্থ সারথী দোবে।
সভায় শিশু শ্রম বন্ধ করা, বাল্যবিবাহ প্রতিহত করা এবং বিদ্যালয় থেকে দূরে থাকা শিশুদের শিক্ষার প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে চলমান কর্মকাণ্ডের অগ্রগতি মূল্যায়ন করা হয়। পাশাপাশি এসব লক্ষ্য অর্জনে সরকারি সংস্থা, আইন-শৃঙ্খলা বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এই সময় গণমাধ্যমের প্রতিনিধি শেখ মাসুম বিল্লাহ ও মো. সোহানুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, শিশু শ্রম ও বাল্যবিবাহমুক্ত পরিবেশ তৈরি এবং বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য শিশুদের কাজের জন্য প্রশাসন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত প্রয়াস অপরিহার্য। এই লক্ষ্য অর্জনের জন্য সকলের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীলতার আহ্বান জানানো হয়।