প্রিন্ট এর তারিখ: জুলাই ৯, ২০২৬, ৮:৪৯ এ.এম. || প্রকাশের তারিখ: জুন ২৫, ২০২৬, ১২:৩৯ পি.এম.

উপকূলীয় জনগোষ্ঠীর উন্নয়নে সাতক্ষীরায় এএসডি প্রকল্পের অবহিতকরণ সভা

রাকিবুল হাসান, শ্যামনগর প্রতিনিধি:

ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে চলমান ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ড (এএসডি) প্রকল্পের অধীনে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন এবং শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পৃথকভাবে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন শ্রীউলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির ভূমিকা পালন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপঙ্কর বাছার দিপু। অন্যদিকে, ২৪ জুন গাবুরা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম।

সভায় প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য, কার্যক্রম এবং প্রত্যাশিত ফলাফল বিষয়ে ব্যাখ্যা দেন প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান। তিনি উল্লেখ করেন, এই প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের ঝুঁকিতে থাকা জনগণের পারিবারিক অর্থনৈতিক উন্নতি, জীবিকা বৃদ্ধি এবং স্থায়ী উন্নয়নে সহায়তা নিয়ে আসা সম্ভব হবে।

তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং দুর্যোগপ্রবণ জনগণের জীবনযাপন উন্নতিতে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা, কমিউনিটি নেতারা, নারী-পুরুষের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংশ্লিষ্ট পক্ষগুলো অংশ গ্রহণ করেন। বক্তারা প্রকল্পের সফল বাস্তবায়নে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।

অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং এই উদ্যোগকে উপকূলীয় জনগণের উন্নয়নের জন্য সময়োপযোগী ও কার্যকরী পদক্ষেপ হিসেবে ধারণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গৌরাঙ্গ মণ্ডল, ফ্রেন্ডশিপের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মিজানুর রহমান, মো. আসাদুল হাসান, মো. জামিল খান, মো. হেদায়েতুল্লাহ খান, আহসান উল্লাহ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।