প্রিন্ট এর তারিখ: জুলাই ৯, ২০২৬, ৮:৫১ এ.এম. || প্রকাশের তারিখ: জুন ২১, ২০২৬, ১২:১৭ পি.এম.

দুদলী বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, উদ্ধার দুটি অবিস্ফোরিত ককটেল

রাকিবুল হাসান শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়ার তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ও অস্থিরতা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র মতে, শুক্রবার (১৯ জুন) রাতের অথবা শনিবার ভোরের দিকে কিছু দুর্বৃত্তরা দুদলী বিএনপি অফিসে অগ্নিসংযোগ করে। প্রাথমিকভাবে জানা গেছে, আগুনের ফলে অফিসের অভ্যন্তরে থাকা ফার্নিচার ও অন্যান্য সামগ্রীর  ক্ষতি হয়েছে।

মথুরেশপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু জানিয়েছেন, সকালে দলের নেতাকর্মীরা অফিসে এসে অগ্নিকাণ্ডের অবস্থার কথা দেখতে পান। এরপর ঘটনাস্থলের কাছেই দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

পুলিশ জানায়, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনার পেছনে কারা এবং কিসের উদ্দেশ্যে এটি ঘটিয়েছে, সে  সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন অপরাধীদের চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি  দিয়েছে।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতা সম্প্রদায় সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেছেন।