কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় সেনাবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে খুলনা সেনানিবাসে প্রশিক্ষণের উদ্দেশ্যে নতুন নিয়োগপ্রাপ্ত সেনাসদস্যদের বহনকারী একটি বাস যাচ্ছিল। একই সময়ে খুলনা থেকে জামালপুরগামী ‘হিমেল’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসছিল। পথে ত্রিমোহনী এলাকায় দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর সেনাবাহিনীর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে উভয় বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে অন্তত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শহিদুল ইসলাম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য পর্যাপ্ত রক্তের প্রয়োজন হতে পারে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

