Site icon দৈনিক নবদিগন্ত

খুলনা মেডিকেলে পচা মাংসের অভিযোগ

খুলনা মেডিকেলে পচা মাংসের অভিযোগ

মো: আল-মাহফুজ শাওন:

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দুপুরের খাবারে পচা ও বাসি মাংস পরিবেশনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

শুক্রবার দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের মাঝে সরবরাহ করা খাবার নিয়ে এ অভিযোগ ওঠে। রোগী ও তাদের স্বজনদের দাবি, দুপুরের খাবারে দেওয়া মুরগির মাংস থেকে দুর্গন্ধ বের হচ্ছিল এবং খাবারটি খাওয়ার উপযোগী ছিল না।

অনেক রোগী খাবার মুখে দিয়েই ফেলে দেন বলে জানা গেছে। কয়েকজন অসুস্থতা ও বমি বমি ভাবের অভিযোগও করেন। পরে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান।

হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে রোগীদের মধ্যে খাবারের মান নিয়ে অসন্তোষ দেখা যায়। এক রোগীর স্বজন বলেন, হাসপাতালে রোগীরা এমনিতেই শারীরিক কষ্টে থাকেন। এর মধ্যে নিম্নমানের খাবার তাদের জন্য আরও ঝুঁকির কারণ হতে পারে।

আরেক স্বজন অভিযোগ করেন, রোগীদের খাবারের জন্য সরকারি বরাদ্দ থাকলেও কিছু অসাধু ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণে নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, খাবারের মান নিয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন।

ঘটনার পর রোগী ও স্বজনরা হাসপাতালের খাবার সরবরাহ ব্যবস্থার সুষ্ঠু তদারকি এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Exit mobile version