বাগেরহাট প্রতিনিধি:
নিখোঁজ মিরাজ শেখের সন্ধান ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২৬ মে) সকালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিরাজ শেখের বোন লিজা ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি জানান, বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা মিরাজ শেখ পেশায় মোটরসাইকেল ভাড়াচালক ও জেলে। গত ১০ এপ্রিল সন্ধ্যায় জয়মনি ঠোটার একটি চায়ের দোকান থেকে সিভিল পোশাকে থাকা দুই ব্যক্তি তাকে একটি জালি বোটে তুলে হাড়বাড়িয়া কোস্ট গার্ড স্টেশনের দিকে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
পরিবারের দাবি, সেখানে মিরাজ শেখকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে “বাংলাদেশ কোস্ট গার্ড” লেখা একটি স্পিডবোটে থাকা কয়েকজন ইউনিফর্মধারী সদস্য এসে তার ছবি ও ভিডিও ধারণ করেন এবং তাকে সঙ্গে নিয়ে চলে যান। ঘটনাটি স্থানীয় লোকজন ও মিরাজের স্ত্রীর সামনেই ঘটে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এছাড়া, মিরাজ শেখের ব্যবহৃত মোটরসাইকেলটি প্রথমে স্থানীয় এক দোকানদারের জিম্মায় রাখা হলেও কয়েকদিন পর গভীর রাতে সেটিও নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন স্বজনরা।
পরিবার জানায়, ২৩ এপ্রিল স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত মিরাজ শেখের কোনো খোঁজ পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ঘটনার পর কয়েকদিন কোস্ট গার্ডের এক সদস্য ফোনে যোগাযোগ করে মিরাজ তাদের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছিলেন। তবে পরে বিষয়টি অস্বীকার করা হয়।
কান্নাজড়িত কণ্ঠে মিরাজের বোন লিজা ইসলাম বলেন, “দেড় মাস পার হয়ে গেলেও আমরা তার কোনো সন্ধান পাইনি। সে বেঁচে আছে নাকি মারা গেছে, তাও জানি না। অন্তত সত্যটা জানতে চাই।”
তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তর, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত তদন্ত করে মিরাজ শেখের সন্ধান নিশ্চিত করার আহ্বান জানান।
এদিকে, বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পর্যবেক্ষণে রয়েছে। তাই এ মুহূর্তে তারা কোনো মন্তব্য করতে রাজি নন।

