Site icon দৈনিক নবদিগন্ত

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই কার্যক্রমে অনিয়ম, মেডিকেল টেকনোলজিস্টকে শোকজ

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই কার্যক্রমে অনিয়ম, মেডিকেল টেকনোলজিস্টকে শোকজ

মো: আল-মাহফুজ শাওন:

খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কার্যক্রমে গুরুতর অনিয়ম, তথ্য গোপন এবং সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জ্যোর্তিময়ীকে কৈফিয়ত দাখিল করতে খুলনা সিভিল সার্জন কার্যালয় নির্দেশ দিয়েছে।

সূত্রে জানা গেছে, গত ১৩ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি দল বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই স্টোরের পরিদর্শন করে। এই পরিদর্শনের সময় স্টক রেজিস্টারে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস ধরে স্টক রেজিস্টার আপডেট করা হয়নি। একইসঙ্গে ব্যবহৃত ভায়ালের তথ্যের সাথে রেজিস্টারের তথ্যের মধ্যে অসঙ্গতি দেখা গেছে।

এছাড়া হাম-রুবেলা ক্যাম্পেইনের টিকাদান সংক্রান্ত তথ্যেও অসঙ্গতি থাকার কথা বলা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, কাগজপত্রে ১৩ হাজার ৫০০ জনকে টিকা দেয়ার তথ্য থাকা সত্ত্বেও ব্যবহৃত ভায়ালের হিসাবের সাথে তার মিল পাওয়া যায়নি। নথি অনুযায়ী যেখানে প্রায় ১ হাজার ৪০০ ভায়াল ব্যবহারের কথা রয়েছে, সেখানে বাস্তবে দেখা গেছে মাত্র ৯০০ ভায়াল ব্যবহৃত হয়েছে এবং সেখানে আরও ৫৮৬ ভায়াল স্টোরে মজুত রয়েছে। ফলে প্রায় ৪ হাজার মানুষকে টিকা দেয়ার তথ্য মিথ্যা বলে প্রতীয়মান হয়েছে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত বরাদ্দকৃত অর্থ ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য বিভাগ কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

এই ঘটনার পর সরকারি অর্থ অপচয় এবং দায়িত্বে অবহেলার অভিযোগে জ্যোর্তিময়ীকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।

এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version